বাগেরহাটের মোল্লাহাটে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, মোল্লাহাটের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, জামায়াতের আমির হাসমত আলী সরদার, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্যাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধ, মাছের প্রজনন উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং প্রাকৃতিক জলাশয় রক্ষার মাধ্যমে মৎস্যসম্পদের উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সফল বাগদা-কার্প মিশ্র চাষের জন্য শেখ শফিকুল ইসলাম ও এস এম ওয়াহিদুর রহমান এবং সফল রেণু উৎপাদনের জন্য অ্যাগ্রোহাব এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সজীব বিশ্বাসকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া উদ্যোক্তা সূচকে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপন বৈদ্যকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
এফপি/র