ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। গত কয়েক দিন ধরে সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালসহ বিভিন্ন খাল ও জলাধারে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার ডিএনডি প্রধান নিষ্কাশন খালে এসকেভেটর (ভেকু) দিয়ে খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হয়। খাল থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের পাশাপাশি খালের দুই পাশে থাকা অবৈধ ও অতিরিক্ত স্থাপনা সরানোর কাজও চলছে।
নাসিকের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. রাকিবুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে হীরাঝিল এলাকার ডিএনডি খালটি পরিষ্কার ও খনন করা হচ্ছে। এ খাল দিয়ে আশপাশের কয়েকটি ওয়ার্ডের পানি প্রবাহিত হয়। দীর্ঘদিন ধরে খালটিতে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।
তিনি বলেন, খালটি যথাযথভাবে পরিষ্কার ও খনন করা হলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে আসবে। এ লক্ষ্যে খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ এবং খালের দুই পাশের অবৈধ স্থাপনা সরানোর কাজ করা হচ্ছে।
রাকিবুল ইসলাম আরও বলেন, খালটি পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, স্থানীয় বাসিন্দাদেরও। খালে যাতে কেউ পুনরায় ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে। প্রয়োজনে খালে ময়লা ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে অন্যান্য খালও খনন ও পরিষ্কার করা হবে।
এফপি/ফ