Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

ভীমরুলীর পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত — নৌকায় ঘুরলেন, খেলেন পেয়ারা, মুগ্ধ হলেন প্রকৃতিতে

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম  (ভিজিটর : ২২)

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। নৌকায় চড়ে ভাসমান হাটের ব্যস্ততা, স্থানীয় কৃষকদের পেয়ারা বিক্রি, খালজুড়ে নৌকার সারি এবং চারপাশের সবুজ-শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদও নেন মার্কিন রাষ্ট্রদূত।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। পরে সদর থানা ওসি তদন্ত মেহেদী হাসানসহ পুলিশ সদস্যদের নিরাপত্তায় ছোট নৌকায় চড়ে তিনি ভাসমান হাট ঘুরে দেখেন।

নৌকায় বসে রাষ্ট্রদূত ভীমরুলীর ঐতিহ্যবাহী পেয়ারা বেচাকেনার দৃশ্য কাছ থেকে প্রত্যক্ষ করেন। খালের পানিতে সারি সারি নৌকা, নৌকায় সাজানো টাটকা পেয়ারা, কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা এবং চারপাশের সবুজ প্রকৃতি তাকে মুগ্ধ করে। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদ গ্রহণ করেন এবং হাটের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার শুধু স্থানীয় কৃষি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র নয়, বরং বরিশাল অঞ্চলের গ্রামীণ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যেরও একটি অনন্য নিদর্শন। খাল-বিল ও জলপথকেন্দ্রিক এ বাজারে নৌকায় করে পেয়ারা কেনাবেচার দৃশ্য প্রতিবছর দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে।

হাটে কিছুক্ষণ অবস্থানের পর নৌপথে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ করে তিনি বেশ আনন্দ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে বলেও জানান তিনি।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফর ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝