যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি রয়েছে—মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এমন প্রতিবেদন প্রকাশের পর তা জোরালোভাবে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোর সমালোচনা করেন।
পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ মজুদ রয়েছে।
একই সঙ্গে এ ধরনের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা খাতের কম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক কারখানা ও উৎপাদনকেন্দ্র নির্মাণ করছে।’
ট্রাম্প আরো লিখেছেন, ‘রাষ্ট্রদ্রোহমূলক এসব তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে।
তাদের জন্য দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ব্যবস্থা করা হবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার মজুদ কমে যাওয়ায় ইরানের ওপর নতুন করে হামলা চালানোর পরিকল্পনা থেকে আপাতত সরে আসে ট্রাম্প প্রশাসন।
এ ছাড়া প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সক্ষমতা কমে যাওয়ার পেছনে গোলাবারুদের গুরুতর ঘাটতির বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রশ্ন করেছিলেন ট্রাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ট্রাম্প হেগসেথকে বলেছিলেন, তিনি মনে করেছিলেন গোলাবারুদের ঘাটতির বিষয়টি ‘সমাধান হয়ে গেছে’।
সিএনএনও জানিয়েছে, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি ইরানকে ঘিরে ট্রাম্পের নীতিকে প্রভাবিত করেছে। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী তাদের থাড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।
ওয়াশিংটন পোস্ট আরো জানায়, এসব ঘাটতির কারণে ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন কিছু হামলার পরিকল্পনা বাতিল করেন, যদিও তিনি এর আগে দেশটির বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর’ হামলার হুমকি দিয়েছিলেন।
তবে এসব দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
এফপি/র