দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজ প্রবর্তনের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি। নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে ২৯ আগস্ট এ শুমারি পরিচালিত হবে। নৌযান শুমারির প্রতিপাদ্য ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’।
বর্তমানে সারা দেশে লিস্টিং অপারেশনে মোট ইঞ্জিনচালিত নৌযান পাওয়া গেছে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযান ১ লাখ ৭৪ হাজার ৪৭টি এবং খানাভিত্তিক নৌযান ৭০ হাজার ৭৬১টি। খুলনা বিভাগে মোট নৌযানের সংখ্যা ১০ হাজার ৩২৭টি। এর মধ্যে ঘাটভিত্তিক ৭ হাজার ৪১৪টি এবং খানাভিত্তিক ২ হাজার ৯১৩টি।
সোমবার (০৩ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে নৌযান শুমারির উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, নৌপরিবহন খাতে নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা হ্রাস, এ খাতে নিয়োজিত জনবলের জীবনমান উন্নয়ন এবং নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত এবং অন্য নৌযানের মাধ্যমে টেনে বা ধাক্কায় পরিচালিত নৌযানের তথ্য সংগ্রহ করে উন্নয়ন পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যান নিশ্চিত করা হবে।
সেমিনারে জানানো হয়, শুমারির আওতায় থাকবে বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ববার্জ এবং অন্য নৌযানের মাধ্যমে পরিচালিত নৌযান। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ও তাদের মালিকানাধীন নৌযান, যা বর্তমানে অন্যান্য বাহিনী বা সংস্থার কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, সেগুলো শুমারির আওতার বাইরে থাকবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌযান শুমারিসহ সব ধরনের শুমারিই দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নির্ভুল পরিসংখ্যানের বিকল্প নেই।
তিনি আরও বলেন, সরকার প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনা করতে যাচ্ছে। এ শুমারি সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ এবং নৌ অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আব্দুল আলীম।
এফপি/র