ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে জুন মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নালিতাবাড়ী থানা এলাকায় অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়েছে। তাঁর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন।
এ অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়। নালিতাবাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সহযোগিতার ফল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা ও সেবার মান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
এফপি/ফ