মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের অদূর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি সবজি-ভর্তি পরিত্যক্ত ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকালে একই এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশের একটি দল ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।’
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এফপি/ফ