গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার বস্তিতে মাদকের আখড়া হিসেবে পরিচিত এলাকাগুলোতে অবৈধ বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে যৌথ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বুধবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ডেসকো, সংশ্লিষ্ট সেবা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে বস্তির বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ পানির লাইন এবং ইন্টারনেট সংযোগও কেটে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলমান এবং পর্যায়ক্রমে আরও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনার অবকাঠামো ভেঙে দেওয়াই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হাজীর মাজার বস্তিকে কোনোভাবেই মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। মাদক কারবার টিকিয়ে রাখতে যারা অবৈধভাবে বিদ্যুৎ, পানি ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে, তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। আইনবহির্ভূত সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। গাজীপুর মহানগরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এফপি/ফ