লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কুল ব্যাগ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০জুলাই) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানির ফিল্টার, ফলজ ও বনজ গাছের চারা, সিলিং ফ্যান, শিক্ষার্থীদের জন্য বেঞ্চ, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘চাইল্ড ফ্যাসিলিটিজ কিট বক্স’ এবং অসহায় ও অসচ্ছল কৃষকদের মধ্যে ‘কীটনাশক স্প্রে মেশিন’ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আব্দুর রউফ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, “শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা ভালো ফলাফল করবে, তাদের আরও সহায়তা প্রদান করা হবে।”
২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
পরে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারীতে তাঁর সংসদ সদস্য কার্যালয়ের উদ্বোধন করেন।
এফপি/র