চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপের একটি চালান জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে ভোলাহাট সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ৩টা ৩০ মিনিটে ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মোঃ আমজাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের হাউসপুর গ্রামের মোঃ বুদ্ধ সুবেদারের আম বাগানে অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দল মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবির পক্ষ থেকে আটককৃত এসকাফ সিরাপের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান ছিল।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
এফপি/র