ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদের সামনে একটি বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদের সামনে সড়কের পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটিটি একদিকে বিপজ্জনকভাবে হেলে রয়েছে। খুঁটির সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তারও টানটান অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দা মিজান মিয়া, আসাদ মিয়া, তুহিন মিয়া ও মামুন মিয়া জানান, ১৫ দিনধরে খুঁটিটি এভাবে হেলে থাকলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে তাদের পাঁচটি পরিবার, মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি, পথচারী ও যানবাহন চলাচলকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে ঝড়-বৃষ্টি কিংবা দমকা হাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, দ্রুত খুঁটিটি প্রতিস্থাপন অথবা মেরামত করা না হলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন, "আপনারা একটি আবেদন দিন। আমি বিষয়টি স্যারকে জানাচ্ছি। এরপর কী করা যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।"
এ বিষয়ে পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, "বৃষ্টি থামলে বিষয়টি আমরা দেখছি।"
এফপি/সা