গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চলাকালে খুলনার একটি ভোট কেন্দ্রে বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচির মৃত্যু হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামীকে দায়ি করে আদালতে মামলা দায়ের করেন অপর এক বিএনপি নেতা। ফলে চার মাস পর নগরীর টুটপাডা কবরস্থান থেকে বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচির লাশ উত্তোলন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে করব থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সূত্র জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন চলাকালে খুলনা-২ আসনের আলিয়া মাদ্রাসার কেন্দ্রের ভেতর জামায়াত প্রার্থীর পক্ষে কিছু ব্যক্তি ভোট চাওয়ায় বিরোধীতা করেন বিএনপি নেতা মহিবুজ্জামান কচি। ওই সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন তাকে ধাক্কা ও শারীরিকভাবে লঞ্চিত করার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গিয়ে মারা যান।
এ ঘটনায় বিচার চেয়ে বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু চলতি বছরের ৭ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনা তদন্ত করছে। তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনে সম্মতি দেয়।
মামলার বিবরণে জানাযায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এজেন্ট হিসেবে আলিয়া কামিল মাদ্রসা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন মহিবুজ্জামান কচি।
সকাল আনুমানিক ৮টার দিকে ওই কেন্দ্রের ভেতরে পুকুর পাড়ে আসামিরা ভোটারদের 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রচ্ছন্ন হুমকি ও বেআইনিভাবে চাপ সৃষ্টি করছিল।
ভোটকেন্দ্রের ভেতরে এমন আচরণ বিধিমালা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম সরদার তাকে গলা ধরে সজোরে ধাক্কা মারলে তিনি একটি গাছের সাথে সজোরে আঘাত পেয়ে মাথায় গুরুতর জখম হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ইন্সপেক্টর কাজী মোসতাক আহমেদ এ প্রতিবেদককে বলেন, বিএনপি নেতা ইউসুফ হারুন মজনু চলতি বছরের ৭ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন।
মামলা তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত। পরে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
এফপি/সা