ময়মনসিংহের ভালুকায় অসুস্থ বৃদ্ধ বাবা নুরুল ইসলামকে আপন চাচা ও চাচাতো ভাইদের জিম্মিদশা থেকে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তাঁর একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা। দ্রুত চিকিৎসার প্রয়োজনে ও আদালতের সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার (৬জুলাই) সকালে ভালুকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন লিজা।
লিজা অভিযোগ করেন, তাঁর বাবা মো. নুরুল ইসলাম প্রবাস থেকে ফিরে আসার পর চাচা শামছুদ্দিন, চাচাতো ভাই আপেল ও আপেলের স্ত্রী নিপু কৌশলে তাঁর কাছ থেকে ফিশারি ও মুরগির খামারে প্রায় এক কোটি টাকার বেশি বিনিয়োগ করান। পরে হিসাব চাইলে তাঁকে নির্যাতন করা হয়, এতে তিনি স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বাবার অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্তরা জমিজমা, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র দখলে নেয় এবং বিভিন্ন খাত থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করে। বাবাকে চিকিৎসার জন্য নিতে গেলেও বাধা দেওয়া হয়। ১৮ মার্চ ও ১৪ এপ্রিল তাঁকে ঘরে আটকে রাখা হলে ৯৯৯-এ ফোনে পুলিশ গিয়ে উদ্ধার করে।
লিজার অভিযোগ, বর্তমানে তাঁর বাবাকে চিকিৎসা করাতে দেওয়া হচ্ছে না, দেখা করতেও বাধা দেওয়া হচ্ছে এবং তাঁকে ও তাঁর স্বামীকে হুমকি দেওয়া হয়েছে। একাধিক অভিযোগ ও আদালতের সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাঁকে উদ্ধার করা হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আপেল মিয়া বলেন, তাঁরা গত ১১ মাস ধরে নুরুল ইসলামের চিকিৎসা করাচ্ছেন। তাঁর দাবি, লিজা বাবার খোঁজ নেন না, বরং সম্পত্তি নিজেদের নামে নিতে চান।
তিনি জানান, কোনো সম্পত্তি দখল করা হয়নি; চিকিৎসার খরচ মেটাতে কিছু সম্পত্তি লিজ দেওয়া হয়েছে।
এফপি/সা