চট্টগ্রামে বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর একটি ক্যাম্পাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই উদ্যোগের উদ্যোক্তা শিল্পপ্রতিষ্ঠান সিস্টেম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ফজলুল আজিম বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ সময়ের দাবি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সমৃদ্ধ করতে পারে।
তিনি বলেন, “শিক্ষায় আন্তর্জাতিক মান সংযুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।”
মো. ফজলুল আজিম আরও বলেন, এই ক্যাম্পাস চালু হলে বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যে না গিয়েও ইউনিভার্সিটি অব বার্মিংহামের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এতে উচ্চশিক্ষা গ্রহণে সময় ও ব্যয় উভয়ই কমবে এবং অধিকসংখ্যক শিক্ষার্থী আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুযোগ পাবেন।
তিনি জানান, চট্টগ্রামে ক্যাম্পাস চালুর বিষয়ে ইউনিভার্সিটি অব বার্মিংহাম সিস্টেম গ্রুপকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সম্মতি দিয়েছে। বর্তমানে ক্যাম্পাস স্থাপন, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় অনুমোদনসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম আন্তর্জাতিক উচ্চশিক্ষার একটি নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা আরও সহজলভ্য হবে।
এফপি/অ