Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৩৮ এএম আপডেট: ২৯.০৬.২০২৬ ১২:১৭ পিএম  (ভিজিটর : ৩১)

দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। 

আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল জানান, রাত ৩টা থেকেই তিনি হাসপাতালে ছিলেন। সকালে চিকিৎসকদের কাছ থেকে মুস্তাফা মনোয়ারের মৃত্যুর খবর পান। তিনি আরও জানান, হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্বজনদের অবস্থানের সুযোগ না থাকায় মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা বাসায় ফিরে যান।

মরদেহের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে রুবেল বলেন, ধানমন্ডির ১ নম্বর সড়কের ১৯ নম্বর বাসভবনে নেওয়া হবে। জানাজা ও দাফনের সময় ও স্থান পরে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

মুস্তাফা মনোয়ারের সঙ্গে রুবেলের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তিনি জানান, ১৯৯৪ সাল থেকে তার সঙ্গে পরিচয়। আর গত ২৬-২৭ বছর ধরে তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। এদিকে মুস্তাফা মনোয়ারের স্ত্রী ও মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে রুবেল বলেন, পরিবারের সদস্যরা গভীর শোকের মধ্যে রয়েছেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝