বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবে বিভিন্ন সময়ের উপস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা ইঙ্গিতে তাদের ঘনিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হয়েছে।
এবার প্রেমিক শিখর পাহাড়িয়াকে ঘিরেই নতুন করে আলোচনায় এলেন জাহ্নবী কাপুর। একটি বিশেষ বার্তা লেখা পোশাক পরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জাহ্নবীকে গোলাপি রঙের নাইটস্যুট ও ধূসর রঙের হুডি পরিহিত অবস্থায় দেখা যায়। তবে তার পোশাকে লেখা একটি বাক্যই সবার নজর কাড়ে। সেখানে লেখা ছিল, ‘আমি হারিয়ে গেলে দয়া করে শিখর পাহাড়িয়ার কাছে ফিরিয়ে দেবেন।’
প্রেমিককে ঘিরে এমন মজার ও আদুরে বার্তা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের ‘আদর্শ জুটি’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার এটিকে ভালোবাসার সরল ও সুন্দর প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
জাহ্নবী ও শিখরের সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। এর আগেও অভিনেত্রীর গলায় ‘শিখর’ নাম লেখা একটি লকেট দেখা গিয়েছিল, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও পারিবারিক আয়োজনে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেছে তাদের।
গত বছর কান চলচ্চিত্র উৎসবেও জাহ্নবীর পাশে দেখা যায় শিখরকে। সেখানে অভিনেত্রীর আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ঘরে ফেরা’ (হোমবাউন্ড)-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন তিনি। পাশাপাশি জাহ্নবীর নতুন সিনেমা মুক্তি পেলেই সামাজিক মাধ্যমে তার প্রশংসা করতে দেখা যায় শিখরকে।
অন্যদিকে ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। রাম চরণ অভিনীত ও বুচি বাবু সানা পরিচালিত এই সর্বভারতীয় সিনেমাটি বক্স অফিসে সফলতা পেলেও কিছু দৃশ্য নিয়ে সমালোচনার মুখে পড়ে।
সব মিলিয়ে প্রেম ও ক্যারিয়ার—দুই ক্ষেত্রেই আলোচনায় রয়েছেন জাহ্নবী কাপুর। আর প্রেমিকের নাম লেখা পোশাক পরে এবার ভক্তদের জন্য নতুন চমকই দিলেন এই বলিউড তারকা।
এফপি/অ