দেশের বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের রূপরেখা তৈরিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান ওভারভিউ’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর আয়োজন করে।
কর্মশালায় দেশের বিমান চলাচল খাতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজামান মিল্লাত।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিমান পরিবহন আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, যোগাযোগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে একটি আধুনিক, দক্ষ ও টেকসই বিমান পরিবহন ব্যবস্থা জাতীয় উন্নয়নের অপরিহার্য ভিত্তি।’ দেশকে ভবিষ্যতে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা তৈরি করা পূর্বশর্ত বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।’
তিনি আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর আধুনিকায়নের লক্ষ্যে সরকার সক্রিয় উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
এফপি/অ