জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৩ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আজ জনৈকা এক মহিলা তার ১৪ মাস বয়সি কন্যা শিশুকে নিয়ে বরিশাল হতে “কর্ণফুলী-১০” নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি দুপুর সাড়ে ১ টায় চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ উক্ত শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের গাড়ি যোগে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এফপি/অ