শরীয়তপুরে মাদক বিক্রি ও হানিট্রাপের অভিযোগে এক নারীকে গনধোলাই দিয়ে বিদ্যুতের খুটির সাথে বেঁধে মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
শনিবার সকাল ১০ টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় বাসিন্দা সুলতানা আক্তার মলি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তিকে পরকীয়ার জালে ফাসিয়ে অর্থ আত্মসাৎ করেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকার লোকজন একাধিকবার তাকে সতর্ক করলেও কোন সুরাহা মেলেনি। সর্বশেষ শনিবার সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসলে স্থানীয় লোকজন তাকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পড়িয়ে রাখেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।
স্থানীয় বাসিন্দা মৌসুমি আক্তার বলেন, ইনি মাদক ব্যবসার সাথে জড়িত এবং বিভিন্ন মানুষকে পরকীয়ার জালে জরিয়ে অর্থ আত্মসাৎ করেন। আমার বাবার সাথেও এমন করেছে। এলাকার লোকজন তাকে অনেকবার বললেও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাই আজ এলাকার লোকজন তাকে বেঁধে পুলিশে দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেন ভুক্তভোগী সুলতানা আক্তার মলি। তিনি বলেন আমি কোন মাদক ব্যবসার সাথে জড়িত না। দেলোয়ার দপ্তরির সাথে আমার লেনদেন ছিলো কিন্তু তার বউ মনে করতো আমাদের পরকীয়া সম্পর্ক আছে। আর যদি পরকীয়া থেকেই থাকে তাহলো দুজনেই দোষী। আমাকে এভাবে কেন মারলো। আমি প্রশাসনের কাছে এর ন্যায়বিচার দাবি করি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে দেখি মাদক বিক্রির অভিযোগে এক নারীকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এফপি/অ