Dhaka, Saturday | 13 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 13 June 2026 | English
এক লাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
ঢাকায় স্বস্তির বৃষ্টি
শিরোনাম:

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল খুলনা সিটি মেডিকেল কলেজ: দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:১৩ পিএম  (ভিজিটর : ৫৫)

খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হুইপ বকুল বলেন, অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে আবারও জনসাধারণের সেবায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনার পর বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত হওয়া প্রায় আড়াই শতাধিক রোগীর চিকিৎসা সেবা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়েও সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

তিনি বলেন, "আল্লাহর অশেষ রহমতে এত বড় একটি দুর্ঘটনায় কোনো বড় ধরনের প্রাণহানি ঘটেনি। এটি আমাদের জন্য স্বস্তির বিষয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু করা।"

অগ্নিকাণ্ডের সময় পরিচালিত উদ্ধার তৎপরতার প্রশংসা করে হুইপ বকুল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস, বিজিবি, প্রশাসনের সদস্যদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই সম্ভাব্য একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দলের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম স্থানান্তরিত রোগীদের চিকিৎসার খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে।

হুইপ বকুল বলেন, অতীতে এ ধরনের বড় দুর্ঘটনার পর অনেক সময় বিশৃঙ্খলা ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এবার প্রশাসনের কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের সহযোগিতার কারণে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থানীয় জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। কারণ এই হাসপাতালের ওপর খুলনাসহ আশপাশের জেলার বহু মানুষের চিকিৎসা নির্ভরশীল।

খুলনাবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "গতকালের ঘটনা আবারও প্রমাণ করেছে যে সংকটের মুহূর্তে খুলনার মানুষ একসঙ্গে কাজ করতে জানে। প্রশাসন, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ একটি বড় দুর্যোগ মোকাবিলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।"

তিনি ভবিষ্যতেও যেকোনো সংকট মোকাবিলায় একই ধরনের ঐক্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং একটি নিরাপদ, মানবিক ও উন্নত খুলনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে হুইপ রকিবুল ইসলাম বকুলের সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রফিকুল ইসলাম বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝