Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
শিরোনাম:

মেট্রোরেলে হারিয়ে যাওয়া শিশুকে বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার

প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৫২ পিএম  (ভিজিটর : ২০)

মেট্রোরেলের ব্যস্ত যাত্রীস্রোতের মাঝে বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছিল ১১ বছর বয়সী এক শিশু। চারপাশে অসংখ্য মানুষের ভিড়, অথচ পরিচিত কোনো মুখ নেই। আতঙ্ক, উৎকণ্ঠা আর কান্নায় ভেঙে পড়া সেই শিশুটির পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেন দায়িত্বরত এক আনসার সদস্য। তার দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপের ফলে হারিয়ে যাওয়া শিশুটি অল্প সময়ের মধ্যেই ফিরে পায় তার বাবার স্নেহময় আশ্রয়।

শুক্রবার (১৯ জুন) বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বিজয় স্মরণী মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম-২ এ দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. সামিউল ইসলাম একটি শিশুকে একা, উদ্বিগ্ন ও অস্থিরভাবে ঘোরাফেরা করতে দেখেন। শিশুটির আচরণ দেখে তার সন্দেহ হয় যে, সে হয়তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি শিশুটির কাছে গিয়ে স্নেহভরে কথা বলতে শুরু করেন। তখন কান্নাজড়িত কণ্ঠে শিশুটি জানায়, তার নাম মো. জিসান আলম (১১)। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম। তারা মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে মিরপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যাত্রাপথে ভুলবশত অন্যান্য যাত্রীর সঙ্গে বিজয় স্মরণী স্টেশনে নেমে যাওয়ায় সে তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শিশুটির কথা শুনে আনসার সদস্য মো. সামিউল ইসলাম দ্রুত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন। তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে বসান এবং তাকে সাহস ও সান্ত্বনা দিতে থাকেন। ভীতসন্ত্রস্ত শিশুটি যেন আতঙ্কিত না হয়, সেদিকেও তিনি বিশেষভাবে খেয়াল রাখেন।

পরবর্তীতে তিনি বিষয়টি দ্রুত শিফট ইনচার্জ এপিসি মো. আলতাফ হোসেনকে অবহিত করেন। এপিসি আলতাফ হোসেন তাৎক্ষণিকভাবে স্টেশন কন্ট্রোলারকে বিষয়টি জানান। এরপর স্টেশন কন্ট্রোলারের সমন্বয়ে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঘোষণা প্রদান ও যোগাযোগ কার্যক্রম শুরু হয়। শিশুটির অভিভাবকের সন্ধানে দ্রুত তৎপরতা চালানো হয়। একপর্যায়ে জানা যায়, শিশুটির বাবা মো. রফিকুল ইসলাম আগারগাঁও স্টেশনে ছেলেকে খুঁজে উদ্বিগ্ন অবস্থায় অপেক্ষা করছিলেন। সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি দ্রুত বিজয় স্মরণী মেট্রোরেল স্টেশনে পৌঁছান।

দীর্ঘ উৎকণ্ঠা ও উদ্বেগের পর বাবাকে সামনে দেখে শিশুটি ছুটে গিয়ে তার বুকে জড়িয়ে ধরে। সন্তানের নিরাপদ প্রত্যাবর্তনে আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা। উপস্থিত যাত্রীরাও বাবা-ছেলের সেই আবেগঘন পুনর্মিলনের দৃশ্য দেখে আপ্লুত হন। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে স্টেশন কর্মকর্তা ও এমআরটি পুলিশের উপস্থিতিতে শিশু জিসান আলমকে তার বাবার নিকট হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে মোঃ রফিকুল ইসলাম গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে আনসার সদস্যরা শুধু একটি শিশুকেই উদ্ধার করেননি, একটি পরিবারের দুশ্চিন্তা ও উৎকণ্ঠারও অবসান ঘটিয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বিজয় স্মরণী মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এ ঘটনাটি বাহিনীর মানবিকতা, দায়িত্ববোধ ও জনকল্যাণে অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝