Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ৮১)

নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি আদর্শ গুচ্ছগ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসলাম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসলাম আলী উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকার মৃত কাইলি উদ্দিনের ছেলে। এ ঘটনায় অপর অভিযুক্ত একই এলাকার বাসিন্দা শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে গৃহবধূ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

চিকিৎসা শেষে ঘটনার পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ। একপর্যায়ে ঘটনার ২০ দিনের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে জামনগর এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্ত আসলাম আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসলাম আলীকে রোববার (১৪ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝