কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, বিয়ার, সামুরাই ব্যাটন ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কথিত ইয়াবা কারবারি মো. ফয়সাল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১৪ জুন) সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রহমতের বিল গ্রামের বাসিন্দা মো. ফয়সালের বাড়িতে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যান।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সনাক্ত হওয়া মাদক কারবারিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এফপি/অ