বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’ (CFQS)। একই সঙ্গে কেন্দ্রটির অফিসিয়াল ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার (৯ জুন) বাকৃবির প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান। কেন্দ্রীয় গবেষণাগারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. জি. এইচ. এম. সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. বোরহান উদ্দিন, কেন্দ্রীয় গবেষণাগারের সদ্য সাবেক পরিচালক ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরিবহন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো. সামছুল আলম ভূঁইয়া, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মো. রোস্তম আলী এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর প্রজেক্ট ম্যানেজার মো. আবুল বাশারসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় গবেষণাগারের পক্ষ থেকে সদ্য সাবেক পরিচালক ও নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রধান অতিথির নিকট GAIN-এর পক্ষ থেকে অয়েল ফোর্টিফিকেশনের জন্য একটি “iCheck Modular” কিট হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, এই কেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও খাদ্য নিরাপত্তা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠান নিজস্ব আয়ের মাধ্যমে পরিচালিত হওয়ার সম্ভাবনাময় যাত্রা শুরু করেছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।
GAIN-এর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্রটির কার্যক্রমকে আরও গতিশীল করবে।
শেষে তিনি কেন্দ্রীয় গবেষণাগারের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং উদ্যোগ বাস্তবায়নে অবদান রাখাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফপি/এমআই