আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. আজমাইন ইকতিদার শাহেদ। আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াড কনটেস্ট (আইএসওসি) ও ইন্টারন্যাশনাল ব্রিলিয়ান্ট মাইন্ডস অলিম্পিয়াড (আইবিএমও) ২০২৬-এর অধীনে আয়োজিত ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন (বায়ন) ২০২৬-এ অংশ নিয়ে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন।
প্রতিযোগিতায় প্রিলিমিনারি ও ফাইনাল রাউন্ড—উভয় পর্যায়ে অংশগ্রহণকারী একমাত্র বাংলাদেশি প্রতিযোগী ছিলেন আজমাইন। তিনি প্রিলিমিনারি রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স করে সেরা তিনের মধ্যে স্থান করে নিয়ে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হন।
ফাইনাল রাউন্ডে ইংলিশ লেভেল-২ বিভাগে ৯০০ নম্বর অর্জন করে তিনি গোল্ড মেডেল লাভ করেন। একইভাবে সায়েন্স লেভেল-২ বিভাগে ৯০০ নম্বর অর্জন করে সিলভার মেডেল অর্জন করেন। সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে অনারেবল মেনশন–২ সম্মাননায় ভূষিত করা হয়।
প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ৩০ এপ্রিল। বিপুল সংখ্যক আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০০ জন ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পান।
নিজের অনুভূতি প্রকাশ করে আজমাইন বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই অর্জন আমার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অনুপ্রেরণার ফল। তিনি ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, আইবিএমও (IBMO) প্যাটেরন ইন্দোনেশিয়া কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক একাডেমিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাশক্তি ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে ইন্টারন্যাশনাল স্টেম অলিম্পিয়াড, ইউরোপিয়ান অলিম্পিয়াড এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ফেডারেশনের (আইএসওএফ) সম্পৃক্ততা রয়েছে, যা এর আন্তর্জাতিক মর্যাদাকে আরও সমৃদ্ধ করেছে।
এফপি/এমআই