চট্টগ্রামের বাঁশখালীতে মাছবোঝাই মিনিট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাহাদুর আলম (২৮) ও মো. নোমান (৩৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল ৮টার দিকে বাঁশখালী পৌরসভার প্রধান সড়কের ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত মনি বেগম (২৪) মো. হেলাল (২২) নামে দুইজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত বাহাদুর আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৃত জালাল আহমদের ছেলে ও নিহত নোমান বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকার আবুল বশরের ছেলে। নিহত বাহাদুর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং নোমান নগরীর ২নং গেইটে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁরা দুইজনই ঈদের ছুটি শেষে চট্টগ্রামে নিজ নিজ কর্মস্থলে ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে পেকুয়াগামী একটি মাছবাহী মিনিট্রাক ও মহেশখালী থেকে চট্টগ্রাম মইজ্জারটেকগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর আলম নিহত হন ও আরও তিনজন গুরুতর আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নোমান নামে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বেপরোয়া ট্রাক চালক পালিয়ে যায়।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আছরার উল্লাহ নুরী বলেন, ‘সকাল ৮টার দিকে গুরুতর আহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নোমানের ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল ৷ পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘একটি মাছবোঝাই মিনিট্রাক ও মইজ্জারটেকগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
এফপি/অ