Dhaka, Monday | 21 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 21 September 2026 | English
শিরোনাম:

সরাইলে প্রভাবশালী মহলের থাবায় পানি বন্দী ১০০ পরিবার

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিটর : ১৬৭)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল এলাকায় প্রভাবশালী মহলের কারণে দীর্ঘ দিন ধরে জলাবদ্ধতায় অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ১০০টি পরিবার। কৃত্রিম এই ‘পানিবন্দী’ দশা থেকে মুক্তি পেতে এবং স্বাভাবিক জীবনযাপনের দাবিতে রাজপথে নেমে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে ভুক্তভোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, প্রভাবশালী মহলের অন্যায্য কর্মকাণ্ড ও পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার কারণে নিজ সরাইল এলাকা থেকে শুরু করে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত অঞ্চলের প্রায় ১০০টি পরিবার সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সামান্য বৃষ্টি হলেই বাড়ির আঙিনা থেকে শুরু করে ঘরের ভেতর পর্যন্ত পানি উঠে যাচ্ছে, যা নিত্যদিনের চলাচলকে নরকযন্ত্রণা করে তুলেছে।

মানববন্ধনে অংশ নেওয়া নারী, শিশু ও বৃদ্ধদের চোখে-মুখে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও কষ্টের ছাপ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে এবং পানিবাহিত চর্মরোগ, ডায়রিয়াসহ নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ছে। বিশেষ করে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াত এবং কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মানববন্ধন থেকে ‘নিজ সরাইল এলাকাবাসী’ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়ে বলেন, “আমরা এই মানবেতর পানিবন্দী দশা থেকে মুক্তি চাই। প্রভাবশালীদের অবৈধ দখলদারিত্ব ও প্রতিবন্ধকতা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা সচল করা হোক।” দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরেজমিনে তদন্ত করে সরকারি জায়গা বা পানি নিষ্কাশনের পথে কোনো অবৈধ প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত উচ্ছেদ করে ১০০ পরিবারের এই চরম দুর্ভোগ লাঘব করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝