“বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ঝালকাঠিতে উদ্বুদ্ধকরণ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, মানবজাতির অস্তিত্ব রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ অক্সিজেন উৎপাদন ও কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং দূষণ কমাতে সহায়তা করে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, জুন থেকে আগস্ট মাস বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।
এফপি/এমআই