ভেটেরিনারি টিচিং হাসপাতাল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পিংয়ে মোট ২৫২ টি গৃহপালিত পশু-পাখি ও পোষাপাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এমন অনুষ্ঠান আয়োজনে খুশি প্রান্তিক পর্যায়ের মানুষরা।
আজ (২০ মে) বুধবার দিনব্যাপী চলে এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। দৌলতপুরস্থ দেয়ানায় খুকৃবির অস্থায়ী ক্যাম্পাস-১ এ এই আয়োজন করা হয়। সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভিটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। এ সময় তিনি বলেন, ‘গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন পরিচালক(ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রভাষক ডাঃ সোলেমা আক্তার শান্তা।
এ সময়ে উক্ত ক্যাম্পেইনে ভেটারিনারি ইন্টার্নবৃন্দ এবং লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যান্ত সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ছাত্রছাত্রীদের চিকিৎসাবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণের সব ধরনের গবাদি প্রাণীর সুচিকিৎসা প্রদান করে থাকে। উক্ত ক্যাম্পেইনে গরু-ছাগল এর জন্য এফএমডি ও পিপিআর, কুকুর- বিড়ালের জন্য র্যাবিস ও ফ্লু ভ্যাক্সিন এবং মুরগির জন্য রানিক্ষেত ভ্যাক্সিন প্রদান করা হয়।
পরিচালকের বক্তব্যে ডাঃ সোলেমা আক্তার শান্তা বলেন, শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো ও প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান করে পুষ্টির স্বনির্ভর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
এদিকে খুকৃবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে একজন সেবা গ্রহণকারী বলেন, ‘ভেটেরিনারি টিচিং হাসপাতালে সেবা পেয়ে আমরা খুব খুশি। খুকৃবি প্রশাসন কে ধন্যবাদ জানাই। আশা করি, ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভবিষ্যতেও ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করবে। এতে করে যাদের গৃহপালিত পশু- পাখি ও পোষা প্রাণী আছে, তারা উপকৃত হবেন।’
এফপি/জেএস