জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
আসিফ আল আজাদ জানান, অভিযান চলাকালে চর বাউশিয়া এলাকায় অবস্থিত “শাপলা বেকারি”-তে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক, লাড্ডুসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং এমআরপি উল্লেখ করা হয়নি। এ অপরাধে "শাপলা বেকারির" মালিক মোহাম্মদ ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে, বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় “নিরাময় মেডিসিন কর্ণার”-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসির মালিক জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশ এর একটি দল।
এফপি/জেএস