Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

ভ্যান চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ৫০)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগ তুলে দুদু (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার হাউসপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুদু স্থানীয় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি নেশাগ্রস্ত ছিলেন বলেও স্থানীয়দের দাবি। গত শুক্রবার রাতে হাউসপুর এলাকার হাফিজুরের ছেলে অন্তরের একটি ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি হয়। এ ঘটনার পর রোববার সকালে ৪ থেকে ৫ জন যুবক দুদুর বাড়িতে গিয়ে তাঁর মাকে হুমকি দেয়। তারা দুদুকে যেখানে পাবে, সেখানেই হত্যা করা হবে বলেও জানায়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে হাউসপুর ব্রিজ এলাকায় কয়েকজন যুবক দুদুকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যানে তুলে স্থানীয় একটি ক্লিনিকে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারধরের পর অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।

ভ্যানচালক সাহাবুদ্দিন বলেন, হাউসপুর ব্রিজ এলাকা থেকে কয়েকজন যুবক আহত অবস্থায় দুদুকে আমার ভ্যানে তোলে। তারা স্থানীয় একটি ক্লিনিকে নিতে বলে। ক্লিনিকে পৌঁছানোর পর তারা সেখান থেকে চলে যায়।

নিহতের বাবা মিজানুর রহমান বলেন, আমার ছেলে চোর ছিল না। সে কোনো ভ্যান চুরি করেনি। কেন আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো? তিনি আরও বলেন, দুদু দুই সন্তানের জনক। তাঁর ছোট সন্তানের বয়স মাত্র চার মাস। দিনমজুরির কাজ করে তিনি সংসার চালাতেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝