গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “Identifying and Mapping the Disappearing Water Bodies of Dhaka and Peripheral Region: A Study Using Historical Maps and Satellite Imagery” শীর্ষক গবেষণা কার্যক্রমের উপর একটি Introductory Seminar অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. শাকিল আখতার। এছাড়া বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
সেমিনারে জানানো হয়, প্রস্তাবিত গবেষণায় ব্রিটিশ কার্টোগ্রাফার জেমস রেনেল অঙ্কিত ১৭৭৬ সালের ঐতিহাসিক মানচিত্রকে প্রাথমিক ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। গবেষণার মূল লক্ষ্য হলো— ঐতিহাসিক মানচিত্রে চিহ্নিত ঢাকা ও আশপাশের নদী-খাল ও জলাশয়ের অবস্থানের সঙ্গে বর্তমান স্যাটেলাইট চিত্রের তুলনামূলক বিশ্লেষণ করে বিলুপ্ত বা হারিয়ে যাওয়া জলাধারগুলোর বর্তমান অবস্থান শনাক্ত করা।
বক্তারা বলেন, পূর্ববর্তী অধিকাংশ গবেষণায় ১৮৮৮ থেকে ১৯৪০ সালের ক্যাডাস্ট্রাল সার্ভে (CS) অথবা ১৯৬৬ থেকে ১৯৮৪ সালের রিভিশনাল সার্ভে (RS) ম্যাপকে ভিত্তি ধরা হয়েছিল। ফলে ঢাকার বহু বিলুপ্ত নদী ও খালের সঠিক অবস্থান নির্ণয় সম্ভব হয়নি। তবে নতুন এই গবেষণায় জেমস রেনেলের ১৭৭৬ সালের মানচিত্র ব্যবহার করায় ঢাকার হারিয়ে যাওয়া নদী ও খালের প্রকৃত অবস্থান পুনরুদ্ধারে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
সেমিনার শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপির কাছে ১৭৭৬ সালে জেমস রেনেলের আঁকা ঢাকার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র হস্তান্তর করেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলী।
এফপি/এমআই