ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে ধাওয়া ও ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা আগুন জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার (১৬ মে) রাতে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে তাদের দোকানের মালামাল ফেলে দেওয়া হয়, নষ্ট করা হয় এবং নিয়ে যায়। পাশাপাশি অভিযানের সময় মারধরের অভিযোগও তোলেন তারা। জীবিকা হারানোর আশঙ্কায় প্রতিবাদে নেমেছে বলে জানিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল করে খোলা আকাশের নিচে মাছ, মাংস, কাঁচা সবজি ও ফলসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করেন। এসময় ব্যবসায়ীরা অভিযানে বাধা দেন। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে ইউএনওকে ধাওয়া করা হয়। এতে তিনি অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, অভিযান তাদের দোকানের মালামাল ফেলে দিয়ে নষ্ট করা হয় এবং নিয়ে যায়। পাশাপাশি ব্যবসায়ীদের মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা ২০ মিনিট পর্যন্ত চলা এই অবরোধে উভয়মুখী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।
এদিকে অবরোধের খবর পেয়ে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, বিএনপির নেতা ও কৃষক দলের সাবেক আহ্বায়ক রফি উদ্দিন সরকার, হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকার, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা সালাহউদ্দিন সরকার, মেহেদী হাসান মান্না, আল-আমিন মন্ডল, সোলাইমান, রাজীব সরকার এবং ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব খোরশেদ আলম খোকা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আশ্বাস দিলে মহাসড়কের অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। পরবর্তীতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
আমিনুল ইসলাম খান বাশান বলেন, 'ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা এ বিষয়টি পরবর্তীতে সমাধান করা হবে। এ আশ্বাসে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন।'
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এফপি/অ