দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন সিনেমা ‘মাইশা’ নিয়ে নতুন করে আলোচনায়। সম্প্রতি শুটিং সেট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, এবার তিনি ভিন্ন ধরনের চরিত্রে হাজির হবেন।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি শেয়ার করে রাশমিকা লিখেছেন— ‘থিংস আর গেটিং সুপার ব্লাডি অন সেটস অফ মাইশা!’ অর্থাৎ সেটে এখন খুবই রক্তাক্ত পরিবেশ চলছে। এই একটি বাক্যই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। অনেকে ধারণা করছেন, এটি একটি অন্ধকার, তীব্র অ্যাকশনভিত্তিক গল্প হতে পারে, যেখানে থাকবে সংঘর্ষ ও সহিংসতা।
সিনেমার গল্প নিয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি। তবে রাশমিকার ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, তিনি এবার রোমান্স ও কমেডির বাইরে গিয়ে কঠিন ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করবেন। ইন্ডাস্ট্রির ভেতরের আলোচনা অনুযায়ী, এই চরিত্রের জন্য তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়নি।
রাশমিকা মান্দানা ইতোমধ্যে বিভিন্ন ভাষার সিনেমায় বহুমুখী অভিনয়ের প্রমাণ দিয়েছেন। ‘মাইশা’ তার ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে পারে, যেখানে তাকে দেখা যেতে পারে শক্তিশালী ও লড়াকু চরিত্রে। বর্তমানে তিনি ‘পুষ্পা-৩’, ‘ককটেল’ ও ‘রানাবালি’সহ একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তবে সবচেয়ে বেশি আলোচনা ‘মাইশা’ নিয়েই, যা তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হতে পারে।
এফপি/অ