ব্রাহ্মণবাড়িয়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা ঈদগাহ ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার উবায়দুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও দর্শকরা।
জানা গেছে, এ আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা ও পৌরসভা দল এসব প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীরা পুরস্কৃত হন।
এফপি/এমআই