চট্টগ্রাম নগরের বহুল আলোচিত শাওন হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত পলাতক আসামি মো. রাহাত হোসেন রিফাত (২৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রিফাত সীতাকুণ্ড থানার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শাওন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (গণমাধ্যম) জানান, গ্রেপ্তারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এফপি/এমআই