আমানতের টাকা ফেরত ও বিতর্কিত ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
বুধবার (৬ মে) সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার শতাধিক আমানতকারী অংশ নেন। এসময় তারা “আমার টাকা ফেরত চাই”, “হেয়ার কাট মানি না”, “আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে”—এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে জমাকৃত অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক প্রয়োজন মেটাতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই বলেন, নিজেদের কষ্টার্জিত সঞ্চয় থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় টাকা তুলতে না পারা এক ধরনের মানসিক নির্যাতনে পরিণত হয়েছে।
আন্দোলনকারীরা জানান, সামনে ঈদুল আজহা হওয়ায় পরিবার ও কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন বহু গ্রাহক। তারা দ্রুত উত্তোলন সীমা প্রত্যাহার, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু এবং আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সামনে কর্মসূচি পালনের কারণে নিরাপত্তা বিবেচনায় তাদের বিকল্প স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে তারা আলকরণ মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
এফপি/এমআই