Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম  (ভিজিটর : ৬)

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

“খেলাই শক্তি, খেলাই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জমজমাট এই আয়োজনে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস।

বালিকা বিভাগে পশ্চিম কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে শহীদ হেমায়েত উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পশ্চিম কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার, বিএনপির মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন শফিকুল ইসলাম, মিলন শিকদার ও আক্তার ফারুক।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, সহমর্মিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝