ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বারি জিরা-১ চাষ বিষয়ক একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে ২০২৫-২০২৬ অর্থবছরে “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে এ আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ জাহিদুল আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা-আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রইচ উদ্দিন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষিকর্মকর্তা খোন্দকার ওমর ফারুক এবং সফল কৃষক অমিত কুমার দাস।
বক্তারা মাঠ দিবসে বারি জিরা-১ জাতের চাষাবাদ, উৎপাদন কৌশল এবং এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মসলা উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে জিরা চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং মাঠ পর্যায়ে এর সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এফপি/জেএস