নীলফামারীর ডোমারে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানকে পুলিশে দিয়েছেন এক অসহায় বাবা। পরে ভ্রাম্যমান আদালত মাদকাসক্ত সেই ছেলেকে ৭ মাসের বিণাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এই দন্ড ও জরিমানার আদেশ প্রদান করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি দোলাপাড়া গ্রামের মো: নজরুল ইসলাম তার একমাত্র ছেলে দুই সন্তানের জনক মো. ওয়াহিদকে পুলিশের হাতে তুলে দেন।
পরিবারের সদস্যরা বলেন, ওয়াহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে গেলে তিনি পরিবারের সদস্যদের মারধরসহ ঘরের মালামাল ভাঙচুর করতেন। এর আগে তিনি বাড়ীর অনেক মুল্যবান জিনিস মাদক সেবনের জন্য নষ্ট করেন। মাদক সেবনে বাধা দিলে সে পরিবারের লোকজনকে মারধরসহ হুমকি দিতেন। দুপুরে ঘরে বসে সে মাদক সেবন করতে থাকলে তার বাবা নিরুপায় হয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং ডোমার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াহিদের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
এফপি/জেএস