ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার মাছবাজারের স্থানে বহুতল ভবনের পাশে ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণকাজ চলাকালীন অসাবধানতাবশত তিনি ভবনের পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে গেলে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোল থেকে ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আবু-জাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে তিনি মারা গেছেন। তদন্তপূর্বক বিস্তারিত তথ্য জানা যাবে।
এফপি/জেএস