বাংলা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরন করতে পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।
এসময় লোকজ সাংষ্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। উৎসব মুখর পরিবেশের এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রায় শিক্ষার্থীরা বর, কনে, মালেকাবানু, পালকির বউ, বাউল, বেহুলা লক্ষিন্দর, কৃষক, জমিদার, স্বরসতি, রাধা কৃষ্ণ, জেলে, কুমার ও কামার সাজে সজ্জিত হয়ে দক্ষিনাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ফুটিয়ে তোলেন।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে একই দিন সকাল সাড়ে দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের আয়োজনে কলাপাড়া পৌরশহরের কলাপট্রি এলাকা থেকেও একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কৃষক, কামার, কুমার ও জেলের সাজে সজ্জিত হয়ে এবং কৃষকের ব্যবহৃত বিলুপ্ত সামগ্রী হাতে অংশগ্রহন করেন। এসময় বাদ্যের তালে তালে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে শিশু কিশোররা। শোভাযাত্রা চলাকালীন সাধারন মানুষের মাঝে পুরনো ঐতিহ্যের বাতাসা, নকুল দানা, খৈ, মোয়া ও মুড়ি সহ মিষ্টি জাতীয় খাবার বিতরন করা হয়।
বাঙালির ঐহিত্য এবং সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাঁকজমকপূর্ণ ভাবে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রংধনু ক্লাবের আয়োজকরা।
এফপি/জেএস