নাটোরে হঠাৎ হওয়া বৃষ্টি ও শিলাবৃষ্টিতে কৃষকদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে মাঠ থেকে রসুন ও পেঁয়াজ তোলার কাজ চলায় সম্ভাব্য ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ইতোমধ্যে জমি থেকে রসুন ও পেঁয়াজ তুলে খোলা জায়গায় রেখেছিলেন। হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় এসব ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমে পেঁয়াজের দাম আগেই কম ছিল। এখন যদি শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে লোকসানের বোঝা আরও বাড়বে। অনেকেই বলছেন, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হতে পারে।
এদিকে শিলাবৃষ্টির প্রভাবে গম ও ভুট্টার ক্ষতির আশঙ্কাও করছেন কৃষকরা। পাশাপাশি আম গাছে নতুন আসা ছোট ফলগুলো ঝরে পড়ার আশঙ্কা রয়েছে, যা মৌসুমের মোট উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে কৃষি বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন বলে জানা গেছে।
এফপি/অ