ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।
এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ লিটার তেল, পোলাও চাল, মুসুর ডাল, লবণ, চিনি, সেমাইসহ মোট ১০ ধরনের খাদ্যপণ্য।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় গড়ে ওঠা এই সংগঠনটি গত ১৫ বছর ধরে মানবিক এ কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারে প্রায় ৫শত দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এফপি/জেএস