ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিমরাইল সাতপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে শিমরাইল গ্রামের শিশু মিয়ার ছেলে জুলাশ মিয়াকে (৫০) এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঘটনাস্থলে থাকা ৩টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আটক ৪ জন শ্রমিক ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির বলেন, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বা ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/জেএস