মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালীন সময়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় যুবদলের একটি দল সভাকক্ষে প্রবেশ করে তাকে মিটিং থেকে বের করে দেওয়ার দাবি জানায়।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালীন হঠাৎ করে একটি মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। পরে তারা সভাকক্ষে ঢুকে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে সভা থেকে বের করে দেওয়ার দাবি তোলেন।
ঘটনার সময় আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা চলছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন উত্তম কুমার দাস, আলফাজ উদ্দিন কালু, ডা. রবিউল ইসলাম, আব্দুল আওয়াল ও আসাদুজ্জামান বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
হামলার সময় সভাকক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হামলাকারীরা চেয়ারম্যান আলম হুসাইনের দিকে তেড়ে গেলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে গাংনী সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সভাকক্ষ ও উপজেলা পরিষদ চত্বরে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে উপজেলা পরিষদ এলাকা শান্ত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবদল বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এফপি/জেএস