Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ এএম  (ভিজিটর : ৩)

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য ‌‘বোর্ড অব পিসের’ সদস্য রাষ্ট্রগুলো ৫০০ কোটি ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অব পিসের ট্রাস্টে সদস্যদের আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রোববার ওই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা পুনর্নির্মাণে তিনি বোর্ড অব পিসের সদস্যদের ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দানের ঘোষণা দেবেন। গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে ওই অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি ওই ভূখণ্ডে জাতিসংঘ-অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং পুনর্গঠন প্রচেষ্টার জন্য বোর্ড অব পিসের সদস্যরা এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে।”

আন্তর্জাতিক স্থিতিশীল রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ জন্য হামাসকে অবশ্যই আগে স্বাক্ষরিত চুক্তি রক্ষা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে।

বোর্ড অব পিস প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের।’’

গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার লক্ষ্যে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের ফাঁকে এই বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির শক্তিশালী নির্বাহী কমিটি রয়েছে, যার সদস্যদের মধ্যে রয়েছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও অন্যান্য অনেক দেশের রাষ্ট্রপ্রধান।

এছাড়া এই বোর্ডে আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝