ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটির একটি মাত্র আসনের ২১৩টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছে ৮ হাজার ৬৮৯জন সদস্য। তদ্মধ্যে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনীর সদস্য, ৩৭ প্লাটুন (প্রতি প্লাটুনে ২৫জন করে বিজিবি সদস্য) বিজিবি, ১হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য রয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন ১২জন ম্যাজিস্ট্রেট। নিরাপত্তার স্বার্থে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্পন্ন হয়েছে। এছাড়া দূর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোও প্রস্তুত করা হয়েছে। জেলায় ২১৩টি কেন্দ্রের মধ্যে পাহাড়ের দুর্গম এলাকায় হেলিসোর্টি কেন্দ্র রয়েছে ২০টি। এক সপ্তাহ আগে থেকেই এসব কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামসহ দায়িত্বপালনকারী লোকবল পাঠানো হয়েছে।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রতিটি ভোট সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম সার্বিক কার্যক্রম তদারকি করবেন। জেলা শহর ও প্রতিটি উপজেলায় আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপুর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফী জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি রাঙামাটিতে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। এরমধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ জসিম উদ্দিন (হাতপাখা), ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
রাঙামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।
এফপি/জেএস