বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে চাইলে সবার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলেছে। বই না পড়ে, খাতায় না লিখেই জিপিএ–৫ পাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে, যা শিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে এই অবক্ষয় দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আলাদা বাজেটের পরিকল্পনা রাখা হয়েছে।
আজ মঙ্গলবার(২০ জানুয়ারি ) নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা আর.কে. দুলু মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আর.কে. মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এফপি/এমআই