Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম  (ভিজিটর : ৩১)

দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতকে পুনরুজ্জীবিত করতে আইন সংস্কারের পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি। 

এ সময় তিনি বলেন, সমবায় কেবল পণ্য উৎপাদন বা ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সমবায়ের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ের মতো ছোট মহকুমা শহরেও একসময় সমবায় কার্যক্রমের প্রাণবন্ত উপস্থিতি ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের জন্য মার্কেট ছিল। শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। একসময় সমবায় আন্দোলনকে ঘিরে যে উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য দেখা যেত, এখন তা অনেকটাই অনুপস্থিত।

সমবায় খাতের দুরবস্থার কারণ তুলে ধরে তিনি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইন সংস্কার এবং কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব সংকট মোকাবিলা এবং অর্থনীতির গতি সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝